Logo Logo

আজ রাতে মুখোমুখি দুই পরাশক্তি স্পেন ও পর্তুগাল


Splash Image

বিশ্বকাপের শেষ ষোলোর মঞ্চে আজ রাতে মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপের দুই ফুটবল পরাশক্তি পর্তুগাল ও স্পেন। ভৌগোলিক ও ঐতিহাসিকভাবে আইবেরিয়ান উপদ্বীপের চিরপ্রতিদ্বন্দী এই দুদলের লড়াই শুধু নকআউট পর্বের একটি সাধারণ ম্যাচই নয়; বরং ফুটবল বিশ্লেষকদের মতে এটিই ২০২৬ বিশ্বকাপের অন্যতম সেরা এবং আকর্ষণীয় দ্বৈরথ।


বিজ্ঞাপন


সাম্প্রতিক দুর্দান্ত ফর্ম, নিখুঁত পরিসংখ্যান এবং দলীয় ভারসাম্য—সবকিছু বিবেচনায় স্প্যানিশদের কিছুটা এগিয়ে রাখছে ফুটবল ডাটা অ্যানালিস্ট ‘অপটা সুপার কম্পিউটার’। তবে নকআউটের মরণ-বাঁচন মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদোদের অবহেলা বা হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই বলেই মনে করছেন ফুটবল বোদ্ধারা।

অপটার ২৫ হাজার প্রাক-ম্যাচ সিমুলেশন অ্যানালাইসিস অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটের মূল খেলায় স্পেনের সরাসরি জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ৪৮.৬ শতাংশ। অন্যদিকে পর্তুগালের জয়ের সম্ভাবনা ২৫.৬ শতাংশ এবং ম্যাচটি ড্র হয়ে অতিরিক্ত সময়ে গড়ালে তার সম্ভাবনা ২৫.৮ শতাংশ।

শেষ ষোলোর টিকিট কাটার পথটা অবশ্য দুই দলের জন্য দুই রকম ছিল। রবার্তো মার্টিনেজের পর্তুগালকে শেষ ৩২-এর ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে রীতিমতো ঘাম ঝরানো নাটকীয় লড়াই করে আসতে হয়েছে। অতিরিক্ত সময়ে গঞ্জালো রামোসের গোল, বিতর্কিত একটি ভিএআর সিদ্ধান্ত এবং অবশেষে ক্রিশ্চিয়ানো রোনালদোর বিশ্বকাপ নকআউট পর্বের ইতিহাসের প্রথম গোল—সব মিলিয়ে এক অবিশ্বাস্য ম্যাচ জিতে শেষ ১৬ নিশ্চিত করে সিআরসেভেনের দল। এবার পর্তুগালের লক্ষ্য ২০০৬ সালের পর এই প্রথম টানা দুই বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ওঠার রেকর্ড গড়া।

বিপরীতে, লুইস দে লা ফুয়েন্তের স্পেন রয়েছে টুর্নামেন্টের অন্যতম সেরা ছন্দে। ‘লা রোজা’রা এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেললেও প্রতিপক্ষের কোনো বল নিজেদের জালে জড়াতে দেয়নি, অর্থাৎ একটি গোলও হজম করেনি তারা। শেষ ম্যাচে অস্ট্রিহাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে তারা শেষ ১৬-তে পা রাখে।

আজকের ম্যাচে পর্তুগালের বিরুদ্ধেও যদি স্পেন কোনো গোল না খেয়ে মাঠ ছাড়তে পারে, তবে বিশ্বকাপ ইতিহাসের প্রথম দল হিসেবে টানা ৬টি ম্যাচে ‘ক্লিন শিট’ (গোল না খাওয়া) বজায় রাখার অনন্য বিশ্বরেকর্ড গড়বে তারা। শুধু রক্ষণ নয়, স্পেন বর্তমানে টানা ৩৪ ম্যাচ ধরে অপরাজিত। আজ হার এড়াতে পারলে তারা নিজেদের ইতিহাসের দীর্ঘতম ৩৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড স্পর্শ করবে।

পাশাপাশি স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তেও বড় এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে। আজ পর্তুগালকে হারাতে পারলে আইমে জাকে ও লুই ফন গালের পর বিশ্বের তৃতীয় কোচ হিসেবে বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে (বিশ্বকাপ ও ইউরো) নিজের প্রথম ১২ ম্যাচে অপরাজিত থাকার কীর্তি গড়বেন তিনি।

পর্তুগালের সবচেয়ে বড় ট্রাম্পকার্ড ও ভরসার নাম অবশ্যই অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। স্পেনের বিপক্ষে ক্যারিয়ারে তার ৪টি গোল রয়েছে। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে স্পেনের বিরুদ্ধে তার সেই অতিমানবীয় হ্যাটট্রিক এখনো ভক্তদের মনে গেঁথে আছে।

অন্যদিকে স্পেনের আক্রমণের প্রধান অস্ত্র মিকেল ওইয়ারসাবালও রয়েছেন ক্যারিয়ারের সেরা ফর্মে। চলতি বিশ্বকাপে ইতিমধ্যেই ৪ গোল করে তিনি ২০১০ বিশ্বকাপে ডেভিড ভিয়ার এক আসরে করা ৫ গোলের রেকর্ডের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছেন।

বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে দুই দল এখন পর্যন্ত ৫ বার মুখোমুখি হয়েছে। যেখানে দুই দলই জিতেছে ১টি করে ম্যাচ, বাকি ৩টি ম্যাচ ড্র হয়েছে। তবে প্রতিযোগিতামূলক ম্যাচের সামগ্রিক পরিসংখ্যানে স্পেন বেশ এগিয়ে। শেষ ১২টি প্রতিযোগিতামূলক সাক্ষাতে পর্তুগাল জিতেছে মাত্র একবার, সেটিও ২০০৪ সালের ইউরোতে।

তবে পর্তুগিজদের আত্মবিশ্বাস জোগাচ্ছে তাদের সর্বশেষ সাক্ষাৎ। ২০২৫ সালের উয়েফা নেশনস লিগের ফাইনালে এই স্পেনকেই টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতেছিল পর্তুগাল।

পরিসংখ্যান ও কাগজের কলমে স্পেন এগিয়ে থাকলেও নকআউট ফুটবলে যেকোনো একটি মুহূর্তই বদলে দিতে পারে পুরো ম্যাচের ভাগ্য। ডালাসের মেগা মঞ্চে আজ রাতে কে শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালের টিকিট কাটে, তা দেখার জন্য চাতক পাখির মতো চেয়ে আছে কোটি কোটি ফুটবল ভক্ত।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...