Logo Logo

মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে নকলায় শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের মতবিনিময় সভা


Splash Image

মানসম্মত ও আধুনিক শিক্ষা নিশ্চিতকরণের পাশাপাশি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্য নিয়ে শেরপুরের নকলায় এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ আগস্ট) উপজেলা পরিষদ হলরুমে নকলা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী। সভায় তিনি শিক্ষার মান বৃদ্ধিতে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন এবং সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আয়োজিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা শিক্ষা অফিসার মো. রেজওয়ান।

সভায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের শতভাগ নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, প্রতিষ্ঠানগুলোতে কঠোর শৃঙ্খলা বজায় রাখা, শিক্ষার্থীদের মাঝে মানবিক ও নৈতিক শিক্ষার প্রসার এবং পাবলিক পরীক্ষার ফলাফল মানোন্নয়নের বিষয়ে বিশদ আলোচনা করা হয়। একইসাথে মাঠ পর্যায়ের শিক্ষা কার্যক্রম পরিচালনায় স্থানীয় প্রশাসন ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে আন্তঃসমন্বয় জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

উন্মুক্ত আলোচনা পর্বে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের প্রধানরা তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের বর্তমান চিত্র, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে ফাহিম চৌধুরী এমপি বলেন, "মানসম্মত শিক্ষা ব্যবস্থা একটি জাতিকে সমৃদ্ধির শিখরে পৌঁছে দেয়। শিক্ষা প্রতিষ্ঠানে কেবল জিপিএ-৫ পাওয়ার প্রতিযোগিতা নয়, বরং একটি সুশিক্ষিত ও নীতিবান নতুন প্রজন্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য হতে হবে।"

বক্তারা সর্বসম্মতভাবে অভিমত ব্যক্ত করেন যে, আধুনিক ও মানবিক শিক্ষা ব্যবস্থা গঠনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। সভার শেষাংশে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার পরিবেশ উন্নয়ন ও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...