Logo Logo

চাঁদা না দেওয়ায় কলেজ অধ্যক্ষের ওপর হামলা, অভিযোগ ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে


Splash Image

মাগুরা প্রতিনিধিঃ চাঁদার দাবি পূরণে অপারগতা প্রকাশ করায় মাগুরার অমরেশ বসু ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের মাগুরা জেলা আহ্বায়ক কাজী মোর্শেদ আলমের ওপর হামলার অভিযোগ উঠেছে।


বিজ্ঞাপন


হামলায় স্থানীয় ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত কয়েকজনের সম্পৃক্ততার অভিযোগও করা হয়েছে।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সদস্য সচিব এবং এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বুধবার (২ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে এসব অভিযোগ করেন।

পোস্টে বলা হয়, গত ৩০ আগস্ট বিকেল আনুমানিক ৩টা ৪৫ মিনিটে কলেজের প্রধান ফটক থেকে প্রায় ২০০ ফুট দূরে মাগুরা-মহম্মদপুর সড়কে মিশু, রিপন, মোস্তাক, বাপ্পি ও গফফারসহ ১২ থেকে ১৩ জনের একটি দল কাজী মোর্শেদ আলমের ওপর হামলা চালায়। হামলাকারীদের কয়েকজন স্থানীয় ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত বলেও অভিযোগ করা হয়েছে।

অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীর দাবি, অভিযুক্তরা বিভিন্ন সময়ে বিভিন্ন অজুহাতে কলেজ অধ্যক্ষের কাছে চাঁদা দাবি করে আসছিলেন। এর মধ্যে ফুটবল টুর্নামেন্টের জন্য ২০ হাজার টাকা, রোজার ঈদ উপলক্ষে ২০টি পাঞ্জাবি, ২০২৫ সালের ১৪ সেপ্টেম্বর পিকনিকের জন্য ২০ হাজার টাকা এবং একই বছরের ডিসেম্বর মাসে ক্রিকেট খেলার জন্য ১৫ হাজার টাকা দাবি করা হয় বলে উল্লেখ করা হয়েছে।

তিনি আরও জানান, হামলার আশঙ্কায় অধ্যক্ষ পিকনিকের জন্য দাবি করা ২০ হাজার টাকা প্রদান করলেও অন্যান্য দাবি পূরণে অপারগতা প্রকাশ করেন। এর জের ধরেই তাঁর ওপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন দেলোয়ার হোসেন আজিজী।

ঘটনার পর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের বিষয়ে মাগুরার জেলা প্রশাসক ও মাগুরা সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন বলেও জানান তিনি। তাঁর দাবি, জেলা প্রশাসক জানিয়েছেন, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের জন্য ইতোমধ্যে পুলিশ সুপারকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

দেলোয়ার হোসেন আজিজী হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে ব্যবস্থা নিতে ব্যর্থ হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। এ ঘটনায় পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...