Logo Logo

৩৬ বছর বয়সেও ফেরার স্বপ্ন দেখেন ভুবনেশ্বর


Splash Image

জাতীয় দলের নির্বাচকদের রাডারে তিনি দীর্ঘদিন ধরেই নেই। ঘরোয়া ক্রিকেট কিংবা ফ্র্যাঞ্চাইজি লিগে যতই নিয়ন্ত্রিত ও ধারালো বোলিং উপহার দেন না কেন, ভারতীয় দলের দরজা যেন ক্রমশ দূরে সরে যাচ্ছে ভুবনেশ্বর কুমারের জন্য। সময়ের সঙ্গে সঙ্গে দলে তরুণ পেসারদের আধিক্য বাড়ায় অভিজ্ঞ এই সুইং মাস্টারের জায়গা হয়েছে উপেক্ষিতদের তালিকায়। তবে জাতীয় দলের বাইরে থাকার আক্ষেপ থাকলেও স্বপ্ন দেখা থামাননি তিনি। ক্যারিয়ারের সায়াহ্নে এসেও সুযোগ পেলে আবারও ভারতের নীল জার্সি গায়ে চাপানোর তীব্র ইচ্ছা প্রকাশ করেছেন অভিজ্ঞ এই পেসার।


বিজ্ঞাপন


আন্তর্জাতিক ক্রিকেটে ভুবনেশ্বর কুমার সর্বশেষ টিম ইন্ডিয়ার হয়ে মাঠে নেমেছিলেন ২০২২ সালের নভেম্বরে, নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে। এরপর দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে কেটে গেলেও আশা হারাননি তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিও সাক্ষাৎকারে তাকে সরাসরি প্রশ্ন করা হয়—এখনো কি ভারতের হয়ে খেলার স্বপ্ন দেখেন? কোনো দ্বিধা না রেখে ভুবনেশ্বরের অকপট জবাব ছিল, ‘কেন ফিরতে চাইব না? আমারও তো এখনো ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে ইচ্ছা করে।’

এদিকে বয়স ও চোটকে বুড়ো আঙুল দেখিয়ে ঘরোয়া ক্রিকেটেও বল হাতে নিজের কার্যকারিতা দেখিয়ে যাচ্ছেন ভুবনেশ্বর। উত্তরপ্রদেশ টি-টোয়েন্টি লিগের একটি ম্যাচে মাত্র ১০ রান খরচায় ৪ উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং গুঁড়িয়ে দেন তিনি। এমন নিয়ন্ত্রিত পারফরম্যান্সের পর আন্তর্জাতিক মঞ্চে আবারও সেই পুরনো ছন্দে বোলিং করতে পারবেন কি না জানতে চাইলে তিনি জানান, সুযোগ মিললে নিজেকে উজাড় করে দিতে এখনো পুরোপুরি প্রস্তুত আছেন তিনি।

আইপিএলের মঞ্চেও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দীর্ঘ সময় মাঠ মাতানো এই পেসার নতুন চ্যালেঞ্জেও বল হাতে নিজের অভিজ্ঞতার ছাপ রেখেছেন। তবুও ভারত যখন নতুন দ্বিপাক্ষিক সিরিজ বা বড় টুর্নামেন্টের পরিকল্পনা সাজাচ্ছে, তখন ভুবনেশ্বরকে বিবেচনায় রাখা হচ্ছে না। নির্বাচকদের ভবিষ্যৎ ভাবনায় তরুণ ক্রিকেটারদের অগ্রাধিকার থাকলেও মাঠের পারফরম্যান্স আর ইতিবাচক মানসিকতা দিয়ে নিজের উপস্থিতির জানান দিয়ে যাচ্ছেন ভারতের অন্যতম সেরা এই সুইং বোলার।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...