ছবি : সংগৃহীত।।
বিজ্ঞাপন
পঞ্চগড় জেলা শহরের কেন্দ্রীয় পয়েন্টে আয়োজিত এ মানববন্ধনে জেলার পাঁচ উপজেলার নিকাহ রেজিস্ট্রার ও সহকারীরা অংশ নেন। মানববন্ধন শেষে সংগঠনের জেলা নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর আট দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপি ও মানববন্ধনে নিকাহ রেজিস্ট্রারদের পেশাগত মর্যাদা নিশ্চিতকরণ, যৌক্তিক ফি কাঠামো নির্ধারণ এবং বিবাহ নিবন্ধন ব্যবস্থার সার্বিক আধুনিকায়নসহ আটটি সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরা হয়। তবে এর মধ্যে সবচেয়ে আলোচিত দাবিটি ছিল বিয়ের বয়সসীমা সংশোধন।
বর্তমানে দেশে প্রচলিত ‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭’ অনুযায়ী বিয়ের ক্ষেত্রে পুরুষের বয়স ন্যূনতম ২১ বছর এবং নারীর ক্ষেত্রে ১৮ বছর নির্ধারিত রয়েছে। এর চেয়ে কম বয়সে বিয়ে সম্পন্ন হলে তা আইনত দণ্ডনীয় অপরাধ এবং বাল্যবিবাহ হিসেবে গণ্য হয়।
নিকাহ রেজিস্ট্রারদের দাবি, বাস্তব প্রেক্ষাপট বিবেচনায় মেয়েদের বিয়ের বয়স ১৮ থেকে কমিয়ে ১৬ বছর এবং ছেলেদের বয়স ২১ থেকে কমিয়ে ১৮ বছর নির্ধারণ করা হোক। তাদের যুক্তি—দেশের প্রচলিত সাধারণ আইনে ১৮ বছর বয়সে একজন নাগরিক ভোটাধিকার লাভসহ প্রাপ্তবয়স্ক হিসেবে যাবতীয় আইনি স্বীকৃতি পান। কিন্তু বিবাহ নিবন্ধনের ক্ষেত্রে পুরুষের বয়স এখনও ২১ বছর বাধ্যতামূলক থাকায় তৃণমূল পর্যায়ে নানা আইনি ও সামাজিক জটিলতার সৃষ্টি হচ্ছে। ফলে অনেক ক্ষেত্রে মিথ্যা তথ্য বা ভুয়া বয়স দেখিয়ে গোপনে বিয়ে পড়ানোর প্রবণতা বাড়ছে।
মানববন্ধনে বক্তারা বিয়েতে জালিয়াতি ও বাল্যবিবাহের ঝুঁকি স্থায়ীভাবে রোধ করতে গুরুত্বপূর্ণ একটি প্রস্তাব তুলে ধরেন। তারা দাবি করেন, বর কিংবা কনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অথবা অনলাইন জন্মনিবন্ধনের স্থায়ী ঠিকানার আওতাধীন নিকাহ রেজিস্ট্রারের কার্যালয়েই বিবাহ নিবন্ধন বাধ্যতামূলক করতে হবে। এর ফলে এক এলাকার বিয়ে অন্য এলাকায় গিয়ে জালিয়াতি করে রেজিস্ট্রি করার সুযোগ বন্ধ হবে।
বক্তারা নিকাহ রেজিস্ট্রারদের দীর্ঘদিনের পেশাগত সংস্কার ও নিরাপত্তা নিশ্চিতের জোর তাগিদ দিয়ে বলেন, এই দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না করা হলে আগামীতে সারা দেশের কাজীদের নিয়ে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।
উল্লেখ্য, বর্তমান কঠোর আইনি কাঠামো অনুযায়ী কোনো কাজী বাল্যবিবাহ নিবন্ধন করলে তার বিরুদ্ধে কারাদণ্ড ও অর্থদণ্ডসহ লাইসেন্স বা সরকারি নিয়োগ বাতিলের মতো কঠোর শাস্তিমূলক বিধান রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...