বিজ্ঞাপন
বুধবার সকালে গোপালগঞ্জ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত দৃষ্টিনন্দন মাস্টার প্যারেডে সালাম গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, বিপিএম-সেবা। প্যারেড অধিনায়কের দায়িত্ব পালন করেন মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ নাফিসুর রহমান।
প্যারেড পরিদর্শনকালে পুলিশ সদস্যদের শারীরিক ফিটনেস, টার্নআউট ও ড্রেসরুলস পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন পুলিশ সুপার। পরবর্তীতে দরবার ও কল্যাণ সভায় উপস্থিত কর্মকর্তা ও ফোর্সের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, জনসাধারণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সাথে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখতে করণীয় ও বর্জনীয় বিষয়ে কড়া নির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক উদ্ধার, পরোয়ানা তামিল, চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতার ও প্রসিকিউশন দাখিলের অগ্রগতি পর্যালোচনা করা হয়। আইনি সেবা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখা বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের বিশেষ সম্মাননা ও অর্থ পুরস্কার তুলে দেন পুলিশ সুপার।
কল্যাণ সভার শেষ পর্যায়ে গোপালগঞ্জ জেলা পুলিশে কর্মরত সদস্যদের সন্তানদের মধ্যে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের হাতে পুলিশের পক্ষ থেকে বিশেষ শুভেচ্ছা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়। পুলিশ সুপার কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে আগামী দিনে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে তিনি পুলিশ লাইন্সের রেশন স্টোরসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন এবং সদস্যদের জন্য মানসম্মত রেশন সামগ্রী নিশ্চিত করার নির্দেশনা দেন।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, সহকারী পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জসহ গোপালগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...