Logo Logo

ফুটবল খেলাকে কেন্দ্র করে গোপালগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০


Splash Image

গোপালগঞ্জ সদর উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে ফকিরকান্দি ও ঘোষেরচর গ্রামের অধিবাসীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচ পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।


বিজ্ঞাপন


সোমবার (১৯ অক্টোবর) রাতে সদর উপজেলার ঘোষেরচর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ফকিরকান্দি ও ঘোষেরচর গ্রামের তরুণদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছিল। খেলা চলাকালে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পরে এ ঘটনাকে কেন্দ্র করে রাতে দুই গ্রামের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে উভয় গ্রামের শত শত মানুষ লাঠিসোঁটা, ঢাল-সড়কি ও বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে মুহূর্তেই পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়।

সংঘর্ষের খবর পেয়ে গোপালগঞ্জ সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় উত্তেজিত জনতার ইটপাটকেল নিক্ষেপ ও হামলায় পাঁচ পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন।

সংঘর্ষে গুরুতর আহত দুজনকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত এক পুলিশ সদস্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। অন্য আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার কঠোর প্রচেষ্টার পর পুলিশ পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ওসি আরও জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। তবে পুনরায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা নতুন করে উত্তেজনা সৃষ্টি এড়াতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...