Logo Logo

তেঁতুলিয়ায় সাইকেল র‌্যালির মাধ্যমে জাতীয় যুব দিবস উদযাপন


Splash Image

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বর্ণাঢ্য সাইকেল র‌্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।


বিজ্ঞাপন


‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অফিসের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার হোসাইনের উদ্যোগে আয়োজিত সাইকেল র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলা ডাকবাংলোতে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু জাফর হাওলাদারের সভাপতিত্বে এবং উপজেলা তাঁতী দলের সাবেক সভাপতি ও এমপি প্রতিনিধি তাজউদ্দীন আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার হোসাইন।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এস.এম. আকাশ, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম মো. নাফিজুল ইসলাম, তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান, একাডেমিক সুপারভাইজার ফারুক হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার আবু নোমান এনাম, উপজেলা জিয়া পরিষদের সভাপতি আব্দুল জব্বার এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

এছাড়া উপজেলা যুব উন্নয়ন অফিসের কর্মকর্তা-কর্মচারী, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতী, উদ্যোক্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, এনজিওকর্মী, সুশীল সমাজের প্রতিনিধিসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠান শেষে চারজন উদ্যোক্তার মধ্যে মোট ৫ লাখ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়। ঋণপ্রাপ্ত উদ্যোক্তারা হলেন—দেবনগড় ইউনিয়নের খাটিয়াগছ গ্রামের উজ্জল দুগ্ধ খামার প্রকল্পের উজ্জল সরকার (১ লাখ টাকা), ভজনপুর ইউনিয়নের ডাক্তারপাড়া গ্রামের রাজিব গাভী পালন প্রকল্পের রাজিব হোসেন (১ লাখ টাকা), বুড়াবুড়ি ইউনিয়নের হারাদিঘী গ্রামের হাজিরুল গাভী পালন প্রকল্পের হাজিরুল ইসলাম (২ লাখ টাকা) এবং একই ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের বাসেত গাভী পালন প্রকল্পের আব্দুল বাসেত (১ লাখ টাকা)।

এ সময় প্রশিক্ষণপ্রাপ্ত ৬০ জনের মধ্য থেকে দুজনের হাতে সনদ তুলে দেওয়ার মাধ্যমে সনদ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার হোসাইনসহ অতিথিরা যুব উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের মেলা পরিদর্শন করেন।

জাতীয় যুব দিবসের এ আয়োজনের মধ্য দিয়ে যুবসমাজের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির কার্যক্রমকে উৎসাহিত করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...