Logo Logo

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করলো কর্ণফুলীর প্রান্তিকা দাশ


Splash Image

সাইফুল ইসলাম, চট্টগ্রামঃ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার প্রতিভাবান উশু খেলোয়াড় প্রান্তিকা দাশ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-তে ভর্তির সুযোগ পেয়েছে।


বিজ্ঞাপন


সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে বিকেএসপিতে ভর্তির অফার লেটার গ্রহণ করে সে। তার এই অর্জনে কর্ণফুলীর ক্রীড়াঙ্গনে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে।

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬-এর প্রথম আসরে জাতীয় পর্যায়ে উশু ইভেন্টের +৪৫ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণপদক অর্জন করে প্রান্তিকা। এর ধারাবাহিকতায় বিকেএসপির ৪০ দিনের বিশেষ প্রশিক্ষণ ক্যাম্পে অংশ নেয় সে। পরবর্তীতে ৩০৬ জন প্রশিক্ষণার্থীর মধ্য থেকে চূড়ান্তভাবে নির্বাচিত ৪০ জনের মধ্যে স্থান করে নিয়ে বিকেএসপিতে ভর্তির সুযোগ অর্জন করে।

যেভাবে শুরু প্রান্তিকার পথচলা

প্রান্তিকা আবদুল জলিল চৌধুরী স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী থাকাকালে তার উশু প্রশিক্ষণের যাত্রা শুরু হয়। কর্ণফুলীতে মার্শাল আর্ট ছড়িয়ে দেওয়া ও নতুন প্রতিভা খুঁজে বের করার লক্ষ্যে কোচ জাবেদুল ইসলাম একটি বিনামূল্যের প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করেন। সেখান থেকেই প্রান্তিকার প্রতিভা খুঁজে পান তিনি।

এরপর টানা ছয় মাসের নিয়মিত প্রশিক্ষণ, কঠোর অনুশীলন ও কোচের নিবিড় দিকনির্দেশনায় নিজেকে গড়ে তোলে প্রান্তিকা। বিভিন্ন স্থানে প্রশিক্ষণের ব্যবস্থা ও ব্যক্তিগত সহযোগিতার মাধ্যমে তাকে এগিয়ে নিতে ভূমিকা রাখেন কোচ জাবেদুল ইসলাম। প্রান্তিকাও নিজের পরিশ্রম, অধ্যবসায় ও কোচের নির্দেশনা অনুসরণের মাধ্যমে এই সাফল্য অর্জন করে।

প্রান্তিকার সাফল্যে আনন্দিত কোচ ও ডায়মন্ড মার্শাল আর্ট ট্রেনিং সেন্টারের সহকারী প্রশিক্ষক জাবেদুল ইসলাম বলেন, “একজন কোচ হিসেবে প্রান্তিকার এই অর্জন আমার জীবনের অন্যতম বড় প্রাপ্তি। আমি শুধু তাকে পথ দেখিয়েছি, কিন্তু সেই পথে এগিয়ে যেতে সবচেয়ে বেশি পরিশ্রম করেছে প্রান্তিকা নিজেই। তার এই অর্জন আমার দীর্ঘদিনের পরিশ্রমকে সার্থক করেছে। আমার স্বপ্ন, কর্ণফুলী থেকে আরও অনেক প্রতিভাবান খেলোয়াড় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখবে।”

তিনি আরও বলেন, প্রান্তিকার এই সাফল্য কর্ণফুলীর নতুন প্রজন্মের খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. কামরুদ্দিন সবুজ বলেন, “প্রান্তিকা দাশের এই অর্জন কর্ণফুলীর ক্রীড়াঙ্গনের জন্য অত্যন্ত গর্বের প্রান্তিকা একদিন জাতীয় পর্যায় পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। তার এই সাফল্য প্রমাণ করে, সঠিক প্রশিক্ষণ ও সুযোগ পেলে আমাদের এলাকার প্রতিভাবান খেলোয়াড়রাও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করতে পারে। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং বিশেষ করে কর্ণফুলীর ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে এমন প্রতিভাদের পাশে থেকে সব ধরনের সহযোগীতা সবসময় থাকবে ইনশাআল্লাহ।

কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিদুয়ানুল ইসলাম বলেন, “প্রান্তিকার এই অর্জন কর্ণফুলী উপজেলার জন্য অত্যন্ত গর্বের। তার কঠোর পরিশ্রম ও প্রতিভার স্বীকৃতি হিসেবে বিকেএসপিতে ভর্তির সুযোগ পাওয়া নিঃসন্দেহে প্রশংসনীয়। আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। পাশাপাশি কর্ণফুলীর অন্য প্রতিভাবান শিক্ষার্থীরাও খেলাধুলায় এগিয়ে আসবে বলে প্রত্যাশা করি। উপজেলা প্রশাসন সবসময় তরুণ প্রতিভাদের উৎসাহিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে।”

প্রান্তিকার এই অর্জনে তার পরিবার, শিক্ষক, কোচ ও ক্রীড়াপ্রেমীরা আনন্দ প্রকাশ করেছেন। তাদের প্রত্যাশা, বিকেএসপির প্রশিক্ষণের মাধ্যমে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য আরও বড় সাফল্য বয়ে আনবে প্রান্তিকা।

প্রান্তিকার এই অর্জন শুধু একজন খেলোয়াড়ের সাফল্য নয়, এটি কর্ণফুলীর ক্রীড়াঙ্গনের জন্যও গর্ব ও অনুপ্রেরণার নতুন অধ্যায়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...