বিজ্ঞাপন
বুধবার (১১ নভেম্বর) কর্ণফুলী থানাধীন চরলক্ষ্যা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হিন্দু পাড়ার উত্তর পাশে একটি বাগানবাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাগানবাড়ির একটি গাছের আনুমানিক ১৮ থেকে ২০ ফুট ওপরে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে কর্ণফুলী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহত নুরুল আফসার চরলক্ষ্যা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মিন্নত আলী ড্রাইভারের বাড়ির আব্দুর রহিমের ছেলে। তিনি পেশায় সিএনজি অটোরিকশাচালক ছিলেন।
তবে এটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।
নিহতের পারিবারিক জীবন নিয়েও স্থানীয়ভাবে নানা অভিযোগ ও তথ্য পাওয়া গেছে। তিনি দুইটি বিয়ে করেছিলেন বলে জানা গেছে। তাঁর দ্বিতীয় স্ত্রী নাজমা আক্তারের অভিযোগ, তাঁদের প্রথম সন্তানকে বাবা-মা দুজন মিলে পালক দিয়েছেন। তবে অভিযোগ রয়েছে সন্তানকে পালক নয় বরং বিক্রি করে দেওয়া হয়েছিল। এ ছাড়া তাঁদের ১৬ মাস বয়সী দ্বিতীয় সন্তানকেও বাবা বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ করেন দ্বিতীয় স্ত্রী।
অন্যদিকে, নিহতের প্রথম স্ত্রী হাসিনা বেগম জানান, দীর্ঘদিন ধরে তাঁর সঙ্গে নুরুল আফসারের কোনো যোগাযোগ নেই। তিনি বাবার বাড়িতে থাকেন। এমনকি তাঁদের সন্তানকেও বাবা কখনো দেখেননি বলে দাবি করেন তিনি।
দ্বিতীয় স্ত্রী নাজমার অভিযোগ, প্রায় দেড় মাস আগে তাঁকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন নুরুল আফসার। পরে তাঁদের ১৬ মাস বয়সী সন্তানকেও বিক্রি করে দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এবিষয়ে কর্ণফুলী থানায় একটি অভিযোগ ও দিয়েছিলেন ২য় স্ত্রী।
এদিকে, মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমেদ, কর্ণফুলী জোনের সহকারী পুলিশ কমিশনার নাফিস ইনসান এবং উপ-পুলিশ কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম। তাঁদের উপস্থিতিতে মরদেহটি থানায় নেওয়া হয়। পরে সিআইডির একটি দল ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ ও প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনার জন্য ঘটনাস্থল পরিদর্শন করে।
কর্ণফুলী জোনের সহকারী পুলিশ কমিশনার নাফিস ইনসান জানান, গাছের ওপর থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি হত্যা নাকি আত্মহত্যা, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। এবং সে বিষয়ে প্রেস ব্রিফিং করবেন বলেও জানান।
মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...