বিজ্ঞাপন
নৌপথের বেহাল দশার কারণে সময়মতো ঘাটে ফিরতে না পেরে ট্রলারের মধ্যেই পচে নষ্ট হচ্ছে লাখ লাখ টাকার মাছ। বিকল্প নৌ-যোগাযোগ ব্যবস্থা না থাকায় মাছ পরিবহনে ভোগান্তির পাশাপাশি আর্থিক লোকসান গুনতে হচ্ছে জেলেদের। এতে ধুলাসার নদীর ওপর নির্ভরশীল হাজারো মৎস্যজীবীসহ প্রায় লাখ মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে। এ অবস্থায় নদীটি দ্রুত খননের দাবি জানিয়েছেন স্থানীয় জেলে, ব্যবসায়ী ও জনপ্রতিনিধিরা।
কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের শত বছরের ঐতিহ্যবাহী বাবলাতলা মৎস্য বাজারকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিশাল মৎস্য ব্যবসা। প্রতিদিন দূরদূরান্ত থেকে অসংখ্য মৎস্যজীবী ও পাইকার এ বাজারে আসেন। মাছের আড়ত ও পাইকারদের হাঁকডাকে মুখর থাকে বাজারসহ আশপাশের এলাকা। এ বাজারের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িয়ে রয়েছে হাজারো মানুষের জীবিকা। কিন্তু সাম্প্রতিক সময়ে ধুলাসার নদীর নাব্যতা সংকটের কারণে সমুদ্র থেকে মাছ আহরণের পর স্বস্তিতে ঘাটে ফিরতে পারছেন না জেলেরা।
জেলেদের অভিযোগ, একমাত্র যাতায়াতের পথ ধুলাসার নদীর বিভিন্ন স্থানে ডুবোচর সৃষ্টি হওয়ায় প্রতিদিনই ট্রলার চলাচলে বাধার সৃষ্টি হচ্ছে। কখনো কয়েক ঘণ্টা, আবার কখনো দিনের পর দিন চরে আটকে থাকতে হচ্ছে মাছবাহী ট্রলারগুলোকে। এতে আহরণ করা মাছের পচন ধরছে। নির্ধারিত সময়ে মাছ বাজারে পৌঁছাতে না পারায় বাধ্য হয়ে কম দামে বিক্রি করতে হচ্ছে। ফলে সমুদ্রে দিনরাত পরিশ্রম করেও কাঙ্ক্ষিত লাভের পরিবর্তে লোকসান গুনতে হচ্ছে জেলেদের।
স্থানীয়দের ভাষ্য, একসময় প্রবল স্রোতে বয়ে চলা এ নদীতে এখন জোয়ারের সময় কোনো রকমে ট্রলার চলাচল করতে পারলেও ভাটার সময় পাল্টে যায় পুরো চিত্র। নদীর বিভিন্ন স্থানে পানি কমে যাওয়ায় অনেক জায়গায় হেঁটেই একপাড় থেকে অন্যপাড়ে যাওয়া যায়। ফলে সমুদ্রে মাছ ধরার পর আবার মাথায় করে মাছ পরিবহন করে ঘাটে ফিরতে বাধ্য হচ্ছেন অনেক জেলে।
সরেজমিনে কথা হলে জেলে সোবহান সিকদার বলেন, ‘একসময় এই নদীর স্রোতের টানে বুক কেঁপে উঠত। আর এখন ভাটার সময় একপাড় থেকে অন্যপাড়ে মানুষ হেঁটে পারাপার হয়। সাগর মোহনা দিয়ে প্রতিদিন হাজারো মাছধরা ট্রলার এ নদীতে প্রবেশ করে। কিন্তু ডুবোচরে আটকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় জেলেদের। সময়মতো ঘাটে মাছ পৌঁছাতে না পারায় অনেকে কম দামে বিক্রি করতে বাধ্য হন। আবার অনেকের মাছ পচে নষ্ট হয়ে যায়। এত কষ্ট করেও শেষ পর্যন্ত লোকসান গুনতে হচ্ছে।’
অপর এক মাঝি বলেন, সাগর উত্তাল হলে কিংবা ঝড়-বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে নিরাপদ আশ্রয়ের জন্য হাজারো ট্রলার এ নদীতে প্রবেশের চেষ্টা করে। কিন্তু ডুবোচরের কারণে অনেক ট্রলার নদীর ভেতরে ঢুকতে পারে না। এতে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকিতে পড়তে হয় তাদের।
বাবলাতলা বাজারের আড়ত মালিক ও ইউপি সদস্য মো. রাসেল বলেন, এ খালটি এখন লাখো মানুষের জীবন-জীবিকার সঙ্গে জড়িয়ে আছে। শীত মৌসুমে এ বাজারে কোটি টাকার মাছের বাণিজ্য হয়। কিন্তু নদীর মোহনায় বালু জমে এমনভাবে চর জেগেছে যে, সেখান দিয়ে ট্রলার চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। জোয়ার-ভাটায় ছোট ট্রলার কোনো রকমে চলাচল করতে পারলেও বড় ট্রলার প্রতিদিনই আটকে যাচ্ছে। দ্রুত নদীটি খনন করা না হলে অনেক জেলেকে বাধ্য হয়ে পেশা পরিবর্তন করতে হবে।
বাজারের ব্যবসায়ী হাজী মাসুদ বলেন, শত বছরের পুরোনো এ বাজারের অস্তিত্ব ও ব্যবসা-বাণিজ্য অনেকটাই ধুলাসার নদীর ওপর নির্ভরশীল। নদীর নাব্যতা সংকটের কারণে কী পরিমাণ বিরূপ প্রভাব পড়ছে, তা বলে বোঝানো কঠিন। জেলেরা এখন এ ঘাটে মাছ নিয়ে আসতে চান না। অন্যদিকে মহিপুর-আলীপুর ঘাটে যেতে হলে অতিরিক্ত জ্বালানি তেল খরচ করতে হয়। এ কারণে অনেক জেলে কয়েক কিলোমিটার দূর থেকে মাথায় করে মাছ পরিবহন করে ঘাটে ফিরছেন। এমন দৃশ্য দেখাও কষ্টদায়ক। এ বাজারকে কেন্দ্র করে লাখো মানুষের জীবিকা নির্ভরশীল। তাই সরকারের কাছে ধুলাসার নদী দ্রুত খননের জোর দাবি জানান তিনি।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী বলেন, জেলেরা অনেক কষ্ট করে সমুদ্র থেকে মাছ আহরণ করলেও চ্যানেলটির নাব্যতা সংকটের কারণে সময়মতো ঘাটে ফিরতে পারছেন না। নদীর গভীরতা কমে যাওয়া এবং বিভিন্ন স্থানে অসংখ্য ডুবোচর সৃষ্টি হওয়ায় প্রতিনিয়ত ট্রলার চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে, যাতে দ্রুত নদীটি খননের উদ্যোগ নেওয়া হয়।
বরিশাল ড্রেজার ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মামুন উর রশিদ বলেন, ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয় খাজুরা পয়েন্টে জেলেদের জন্য চ্যানেল খননের ব্যবস্থা করেছেন। সেখানে ড্রেজারের মাধ্যমে বালু অপসারণের কাজ চলছে। ধুলাসার নদীর ক্ষেত্রেও কোনো একজন প্রতিনিধি আবেদন করলে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত কার্যকর উদ্যোগের মাধ্যমে ধুলাসার নদীর নাব্যতা ফিরিয়ে আনা হলে বাবলাতলা মৎস্য বাজারের ব্যবসা-বাণিজ্য সচল হবে, নিরাপদ হবে জেলেদের নৌ-চলাচল এবং রক্ষা পাবে উপকূলের হাজারো মানুষের জীবন-জীবিকা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...