Logo Logo

প্রবাস থেকে ব্যর্থ হয়ে ফিরে ৫০ হাঁসে শুরু, এখন মাসে আয় ৭০ হাজার


Splash Image

অভাবের সংসারে সচ্ছলতা ফেরাতে পাঁচ বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন শফিকুল ইসলাম (শফিক)। তবে প্রবাস জীবনের দুই বছরেও তেমন কোনো আয় করতে না পেরে খালি হাতে দেশে ফিরে আসেন তিনি। বেকার জীবন তখন তাঁর কাছে পরিবারের বোঝা বলে মনে হতো। কিন্তু সেই শফিকুলই এখন নিজ উদ্যোগে গড়া হাঁসের খামার থেকে মাসে ৫০ থেকে ৭০ হাজার টাকা আয় করছেন এবং আরও একজনের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন।


বিজ্ঞাপন


শফিকুল ইসলাম শেরপুর উপজেলার শাহ বন্দেগী ইউনিয়নের দড়িমুকুন্দ গ্রামের মকবুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্র ও শফিকুলের সঙ্গে কথা বলে জানা যায়, দেশে ফিরে সামান্য পুঁজি নিয়ে তিনি মাত্র ৫০টি হাঁস দিয়ে 'যমুনা হাঁসের খামার' নামে একটি খামার শুরু করেন। গত তিন বছর ধরে চলা এই খামারটি এখন তাঁর আত্মকর্মসংস্থানের মূল উৎসে পরিণত হয়েছে। পাশাপাশি খামারটিতে কাজ করে জীবিকা নির্বাহ করছেন আরও একজন শ্রমিক।

শফিকুলের এমন সাফল্য দেখে এলাকার ও আশপাশের অনেক বেকার যুবক এখন বাণিজ্যিকভাবে হাঁস পালনে আগ্রহী হয়ে উঠছেন।

তবে খামারটি আরও বড় করার পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে পুঁজির সংকট। শফিকুলের অভিযোগ, উপজেলা প্রাণিসম্পদ অফিস ও যুব উন্নয়ন অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তর থেকে বেকার যুবক ও উদ্যোক্তাদের জন্য যে স্বল্প সুদের ঋণ দেওয়া হয়, তা প্রকৃত খামারি বা উদ্যোক্তারা পান না।

শফিকুল বলেন, "আমি যদি সরকারিভাবে কম সুদে ঋণ পেতাম, তবে সেই টাকায় খামারটি আরও বড় করতে পারতাম। এতে আমার আয়ের পাশাপাশি এলাকার আরও অনেক বেকার মানুষের কর্মসংস্থান হতো।"

এ বিষয়ে জানতে চাইলে শেরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিয়াজ কাজমীর রহমান জানান, উপজেলার সব খামারিকে খামার উন্নয়ন ও সফল উদ্যোক্তা হওয়ার বিষয়ে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে।

ঋণের বিষয়ে তিনি বলেন, এ মুহূর্তে তাঁদের দপ্তরের হাতে ঋণের কোনো বরাদ্দ বা সুযোগ-সুবিধা নেই। তবে ভবিষ্যতে বরাদ্দ এলে শফিকুলকে অবশ্যই অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় রাখা হবে বলে তিনি আশ্বাস দেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...