বিজ্ঞাপন
ইতালির তৃতীয় ডিভিশনের লিগে গ্যালাকটিক পাওলিনি এবং অ্যাথলেটিক পারতান্নার মধ্যকার ম্যাচে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত হয়। খেলার একপর্যায়ে গ্যালাকটিকের ১০ নম্বর জার্সিধারী ফুটবলার ডেল পাওলিনি প্রতিপক্ষের ডাগআউটের সামনে গিয়ে অশালীন অঙ্গভঙ্গি করেন। শৃঙ্খলাভঙ্গের দায়ে রেফারি ভিনসেঞ্জো পার্নিস তাকে প্রথমে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। এর কিছুক্ষণ পরই পাওলিনি প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ফাউল করে লাথি মারলে রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়ার নির্দেশ দেন।
পাওলিনিকে লাল কার্ড দেখানোর সিদ্ধান্ত মেনে নিতে পারেননি গ্যালাকটিকের কোচ কালান্দ্রা। তিনি মাঠের ভেতরেই রেফারির সঙ্গে তীব্র বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। উত্তপ্ত পরিস্থিতির মধ্যে রেফারি কোচ কালান্দ্রাকেও লাল কার্ড দেখালে মাঠের পরিবেশ আরও অস্থির হয়ে ওঠে।
ঘটনার সবচেয়ে ভয়াবহ অধ্যায় শুরু হয় এর পরপরই। লাল কার্ড দেখে মাঠ ছেড়ে ড্রেসিংরুমে চলে যান ডেল পাওলিনি। কিন্তু কয়েক মিনিট পরই হাতে একটি ধারালো ছুরি নিয়ে পুনরায় মাঠে ঢুকে পড়েন তিনি। সরাসরি অ্যাথলেটিক পারতান্নার বেঞ্চের দিকে তেড়ে গিয়ে খেলোয়াড় ও কর্মকর্তাদের ভয়ভীতি দেখাতে শুরু করেন এবং এক পর্যায়ে প্রতিপক্ষের এক কর্মকর্তার গলায় ছুরি ধরে বসেন। আকস্মিক এই হামলার চেষ্টায় পুরো মাঠে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রাণহানির আশঙ্কায় রেফারি তাৎক্ষণিকভাবে খেলা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন এবং ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন। আয়োজকরা দ্রুত পুলিশে খবর দিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সৌভাগ্যবশত, ভয়াবহ এই ঘটনায় কেউ শারীরিকভাবে আহত হননি।
এদিকে, মাঠের এমন চরম নিরাপত্তাহীনতা ও অপ্রীতিকর ঘটনার পর ইতালীয় ফুটবল ফেডারেশনের কাছে আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগ দায়ের করেছে অ্যাথলেটিক পারতান্না। ভবিষ্যতে যেকোনো ম্যাচে খেলোয়াড় ও ক্লাব কর্মকর্তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছে ক্লাবটি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...