বিজ্ঞাপন
এই জয়ের মাধ্যমে স্প্যানিশ কিংবদন্তি কোচ লুইস আরাগোনেসকে ছাড়িয়ে গেছেন সিমিওনে। এর আগে ১৯৭৪ থেকে ২০০৪ সাল পর্যন্ত অ্যাতলেটিকো মাদ্রিদ, বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করে লা লিগায় সর্বোচ্চ জয়ের রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন আরাগোনেস। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় অক্ষত থাকা সেই রেকর্ড ভেঙে এখন শীর্ষে উঠে এলেন অ্যাতলেটিকোর বর্তমান বস।
২০১১ সালে কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার আগে খেলোয়াড় হিসেবেও অ্যাতলেটিকোর জার্সিতে ১৭০টি ম্যাচ খেলেছিলেন সাবেক আর্জেন্টাইন মিডফিল্ডার সিমিওনে। কোচিং ক্যারিয়ারের গত ১৫ বছরে লা লিগায় ৫৬৭টি ম্যাচে দলকে পরিচালনা করেছেন তিনি, যেখানে তার জয়ের হার প্রায় ৬০ শতাংশ। তার অধীনে অ্যাতলেটিকো দুটি লা লিগা, একটি কোপা দেল রে, দুটি ইউরোপা লিগ, একটি স্প্যানিশ সুপার কাপ এবং দুটি উয়েফা সুপার কাপ শিরোপা জিতেছে। উল্লেখ্য, চলতি মৌসুমের শেষেই ক্লাবটির সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে।
গেতাফের বিপক্ষে ঐতিহাসিক এই জয়ের পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে স্ত্রী কার্লা পেরেইরার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সিমিওনে। তিনি বলেন, ‘এটি কোনো ট্রফি নয়, তবে একজন কোচ হিসেবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংখ্যা। ৩৪৫টি জয় অর্জনের পেছনে অনেকের অবদান রয়েছে। আমার ক্ষেত্রে, আমার স্ত্রী কার্লা আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক উৎস ও শক্তির আধার। তার সমর্থনের কারণেই আমি আজকের এই অবস্থানে পৌঁছাতে পেরেছি।’
স্ত্রী ছাড়াও ক্লাব, সমর্থক ও খেলোয়াড়দের অবদানের কথা স্মরণ করে সিমিওনে আরও যোগ করেন, ‘খেলোয়াড়, ক্লাব এবং আমাদের সমর্থকরা সবসময় পাশে থেকেছেন। পাশাপাশি আমার সন্তানদের কথাও বলতে হয়; আজকের এই অবস্থানে পৌঁছাতে তাদের প্রাপ্য সময়টুকু আমাকে কাজের পেছনে দিতে হয়েছে। সাধারণত খুব বেশি কিছুতে আমি আনন্দিত হই না, তবে যেসব খেলোয়াড় এই ক্লাবের জন্য নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়েছেন, তাদের অসাধারণ পরিশ্রমের কারণেই আজকের এই অর্জন সম্ভব হয়েছে।’
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...