বিজ্ঞাপন
পুণ্যস্নানের আগে পুণ্যের আশায় কেউ সৈকতে মোমবাতি ও আগরবাতি জ্বালিয়ে উচ্চস্বরে গীতা ও চণ্ডীপাঠ করেন। আবার কেউ বেলপাতা, ফুল, ধান, দূর্বা, হরিতকী, ডাব, কলা, তেল ও সিঁদুর সমুদ্রের পানিতে অর্পণ করেন। এ সময় সনাতন ধর্মাবলম্বী নারীদের উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো সৈকত। অনেকে মাথার চুল ন্যাড়া করা, প্রায়শ্চিত্ত ও পিণ্ডদানসহ বিভিন্ন ধর্মীয় আচার পালন করেন।
এর আগে সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় অধিবাসের মধ্য দিয়ে শুরু হয় রাস পূজা উৎসব। রাতে কুয়াকাটা শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে পূজার্চনা, ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান ও মহানাম কীর্তনে মেতে ওঠেন সনাতন ধর্মাবলম্বীরা। মঙ্গলবার সকালে সমুদ্রস্নানের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে। এ উপলক্ষে পুণ্যার্থীদের পাশাপাশি পর্যটকদেরও উল্লেখযোগ্য উপস্থিতি ছিল সৈকতে।
পুণ্যস্নানে অংশ নিতে আসা পরিমল চন্দ্র দাস বলেন, নানা ধরনের সমস্যার মধ্য দিয়ে এ বছরটি পার করেছেন তিনি। সামনের দিনগুলো যেন ভালো কাটে, সেই মনোবাসনা নিয়েই কুয়াকাটায় পুণ্যস্নান করতে এসেছেন। নির্বিঘ্নে ধর্মীয় আচার পালন করতে পেরে তিনি সন্তুষ্ট।
সৈকতে গোবিন্দ চন্দ্র বড়ালকে সাগরের পানিতে নেমে মনে মনে জপ করতে দেখা যায়। কিছুক্ষণ পর দুই হাতে সমুদ্রের পানি তুলে স্ত্রী ও পুত্রের মাথায়-শরীরে ঢেলে দেন তিনি। এভাবে ভক্তদের নানা ধরনের ধর্মীয় রীতি পালন করতে দেখা যায়। কেউ নিজের জন্য, আবার কেউ প্রয়াত মা-বাবার আত্মার শান্তি কামনায় মানত পূরণ করতে সৈকতের বালুচরে মাথা ন্যাড়া করেন।
পুণ্যার্থী ভক্ত দাস বলেন, কয়েক মাস আগে তাঁর বাবা মারা গেছেন। বাবার নামে মানত করেছিলেন তিনি। পূর্ণিমার তিথিতে রাস পূজার সময় মাথা ন্যাড়া করার মধ্য দিয়ে সেই মানত পূরণ করেছেন।
পটুয়াখালী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কাজল বরণ দাস বলেন, প্রতিবছরের মতো এবারও রাস পূজা উপলক্ষে রাতভর ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান ও কৃষ্ণের নামযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। সকালে পুণ্যের আশায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ এতে অংশ নেন। পূর্ণিমার তিথিতে পুণ্যার্থীরা সুন্দর ও সুষ্ঠুভাবে স্নান সম্পন্ন করেছেন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, উৎসবকে কেন্দ্র করে পুণ্যার্থী ও দর্শনার্থীদের নিরাপত্তা এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারিও ছিল। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই এবারের রাস উৎসব শেষ হয়েছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব আরিফুজ্জামান বলেন, এবারের আয়োজন পুণ্যার্থী ও দর্শনার্থীরা স্বতঃস্ফূর্তভাবে উদযাপন করেছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...