Logo Logo

শেষ হয়েছে ভোটগ্রহণ, এখন অপেক্ষা ফলাফলের


Splash Image

রক্তস্নাত জুলাই অভ্যুত্থানের পর দীর্ঘ দেড় দশকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিটে দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে শুরু হওয়া এই ভোটযুদ্ধ বিকেল সাড়ে ৪টায় আনুষ্ঠানিকভাবে শেষ হয়। তবে ওই সময়ের মধ্যে যারা কেন্দ্রের লাইনে অপেক্ষায় ছিলেন, তাদের ভোট প্রদানের সুযোগ দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, দুপুর ২টা পর্যন্ত দেশের ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে গড়ে ৪৭.৯১ শতাংশ ভোট কাস্টিং হয়েছে। সকালে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে তরুণ ও নারী ভোটারদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ভোটাররা জানিয়েছেন, এবার কোনো ভয়ভীতি ছাড়াই তাঁরা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে আগামীর বাংলাদেশ পুনর্গঠনে নিজেদের মতামত প্রদান করেছেন।

সারাদেশে উৎসবমুখর পরিবেশের মধ্যে ভোটগ্রহণ চললেও কিছু কিছু স্থানে বিচ্ছিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেলের তথ্য অনুযায়ী, দুপুর ২টা পর্যন্ত দেশের ৪৮৬টি কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৩৫টি স্থানে বিভিন্ন প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ৫৯টি কেন্দ্রে জালভোট প্রদান এবং ৩টি জায়গায় ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটে। এছাড়া ১৪টি স্থানে পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

নির্বাচনী সহিংসতা ও জালিয়াতির অভিযোগে দেশের বিভিন্ন স্থানে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নিয়েছে প্রশাসন। ঝিনাইদহ-৪, ফরিদপুর-১ ও ৩ এবং নওগাঁর কেন্দ্রগুলোতে অনিয়মের অভিযোগে চারজন প্রিজাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। শেরপুর-১ আসনে ব্যালট বই ছিনতাই ও জালভোটের অভিযোগে একজনকে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া চুয়াডাঙ্গা, জামালপুর, মুন্সীগঞ্জ ও ফরিদপুর থেকে নগদ টাকা বিতরণ, ককটেল বিস্ফোরণ এবং কারচুপির চেষ্টায় জামায়াত নেতা ও পোলিং এজেন্টসহ বেশ কয়েকজনকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ।

দুঃখজনক কিছু ঘটনার মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দায়িত্ব পালনরত অবস্থায় মো. মুজাহিদুল ইসলাম নামে এক পোলিং অফিসারের মৃত্যু হয়েছে। একই উপজেলায় বিএনপি জোট সমর্থিত প্রার্থী জুনায়েদ আল হাবীব ও স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এছাড়া গোপালগঞ্জ ও মুন্সীগঞ্জে ককটেল বিস্ফোরণে আনসার সদস্যসহ কয়েকজন আহত হয়েছেন। মুন্সীগঞ্জে সেনাবাহিনী অভিযান চালিয়ে ২০টি ককটেল ও একটি বন্দুক উদ্ধার করেছে।

এবারের নির্বাচনে ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে, যা ২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর সর্বোচ্চ। ২৯৯টি আসনে মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে ৮৩ জন নারী প্রার্থী রয়েছেন (শেরপুর-৩ আসনে প্রার্থীর মৃত্যুতে ভোট স্থগিত)।

নির্বাচন পর্যবেক্ষণ করেছেন ইউরোপীয় ইউনিয়ন ও কমনওয়েলথসহ আন্তর্জাতিক সংস্থার ৫৪০ জন পর্যবেক্ষক এবং আল জাজিরা, বিবিসি ও রয়টার্সসহ নামকরা প্রতিষ্ঠানের ১৫০ জন সাংবাদিক।

এখন সারাদেশের মানুষ অধীর আগ্রহে ফল প্রকাশের অপেক্ষা করছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...