Logo Logo

রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ে ভোট দিলেন ধানের শীষের প্রার্থী খৈয়ম


Splash Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসনের ধানের শীষের প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।


বিজ্ঞাপন


ভোট প্রদান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে আমি রাজবাড়ীর মানুষের পাশে থেকে তাদের জন্য কাজ করেছি। সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থনের ওপর ভিত্তি করে আমি আমার বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

রাজবাড়ী জেলার দুইটি সংসদীয় আসনের ৩৫৬টি ভোটকেন্দ্রে বৃহস্পতিবার সকাল থেকেই একযোগে ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সাধারণ ভোটাররা যেন নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সেজন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় এবং যে কোনো পরিস্থিতি মোকাবিলায় মাঠে দায়িত্ব পালন করছেন ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে পুলিশ, বিজিবি, র‍্যাব ও সেনাবাহিনীর সমন্বয়ে বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে। নির্বাচনী মাঠে বিজিবির ১২৫ জন, ব্যাটালিয়ন আনসারের ৯০ জন, র‍্যাবের ৩০ জন, পুলিশের ১ হাজার ৪৩ জন এবং সেনাবাহিনীর ৫৮৯ জন সদস্য সার্বক্ষণিক টহল দিচ্ছেন।

জেলা প্রশাসন সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, রাজবাড়ীর দুইটি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৯ লাখ ৮৯ হাজার ৯০৮ জন। জেলার মোট ৩৫৬টি ভোটকেন্দ্রের মধ্যে ২৪৭টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ ও অতিগুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...