Logo Logo

ফরিদপুরে ডিবি পরিচয়ে কলেজছত্রকে অপহরণ


Splash Image

অপহৃত মিহিন সর্দার।

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় ডিবি পুলিশ পরিচয়ে মোস্তাফিজুর রহমান মিহিন সর্দার (২৬) নামে এক কলেজছাত্রকে অপহরণের অভিযোগ উঠেছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের চান্দড়া তালিমুল কুরআন মাদ্রাসার সামনে এই ঘটনা ঘটে।

নিখোঁজ মিহিন সর্দার উপজেলার চর চান্দড়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে। ঘটনার পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। এই অপহরণের ঘটনায় স্থানীয় জনমনে ব্যাপক আতঙ্ক ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।

পারিবারিক ও অভিযোগ সূত্রে জানা গেছে, মিহিন গোপালপুর বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে চান্দড়া মাদ্রাসার সামনে পৌঁছালে ৮ থেকে ১০ জনের একটি দল মাইক্রোবাস নিয়ে তার পথরোধ করে। তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে মিহিনকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নেয়। অপহরণকারীরা কেবল মিহিনকেই নয়, তার ব্যবহৃত মোটরসাইকেলটিও সাথে নিয়ে কামারগ্রাম কাঞ্চন একাডেমির দিকে দ্রুত গতিতে চলে যায়।

এই ঘটনায় মিহিনের চাচাতো ভাই আলম সর্দার বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান, বেশ কিছুদিন ধরে অজ্ঞাত পরিচয় কিছু লোক মিহিনকে ফোনে হুমকি দিয়ে আসছিল। সেই শত্রুতার জেরেই তাকে অপহরণ করা হতে পারে বলে পরিবারের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে।

আলফাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) লিয়াকত হোসেন জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে। সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অপহৃত কলেজছাত্রকে উদ্ধার এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশের বিশেষ অভিযান চলছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...