বিজ্ঞাপন
বুধবার (৯ এপ্রিল) দুপুর ২টায় ঠাকুরগাঁও সদর উপজেলার ১০নং জামালপুর ইউনিয়নের সারালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এই আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর ‘রিয়্যাক্টস ইন’ প্রকল্প।
অনুষ্ঠানে সারালী আদর্শ উচ্চ বিদ্যালয় ও ভগতগাজী উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা দুটি দলে বিভক্ত হয়ে দুটি প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেয়। খেলাগুলো ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আয়োজকরা জানান, ঠাকুরগাঁও সদর উপজেলাকে সামাজিক ব্যাধিমুক্ত করার লক্ষ্যে যে বৃহৎ পরিকল্পনা নেওয়া হয়েছে, এই প্রীতি ম্যাচ সেই প্রচারণারই একটি অংশ। খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকাসক্তি ও মোবাইল আসক্তির ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
খেলা শেষে আয়োজিত সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শিক্ষা অফিসার মো. শাহিন আকতার। তিনি বলেন, “শিশুদের অধিকার প্রতিষ্ঠা, সুরক্ষা, যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আজকের এই আয়োজন তারই ধারাবাহিকতা।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষা গবেষণা কর্মকর্তা মো. মনোয়ার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সারালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল হক এবং ভগতগাজী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও বিভিন্ন গণমাধ্যমকর্মী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ‘রিয়্যাক্টস ইন’ প্রকল্পের ঠাকুরগাঁও এরিয়া ম্যানেজার জুলিয়াস আর্থার সরকার। তিনি বলেন, “শুধু খেলাধুলা নয়, বরং সর্বস্তরের মানুষের সম্মিলিত সামাজিক সচেতনতার মাধ্যমেই মাদকাসক্তি, মোবাইল আসক্তি ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ সম্ভব।”
তিনি আরও বলেন, বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুদের পুনরায় শিক্ষার আওতায় ফিরিয়ে আনতে এবং একটি নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ গড়তে এই প্রকল্প স্থানীয়দের সঙ্গে সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্প অফিসার মারুফা খাতুন এবং খেলা পরিচালনা করেন প্রকল্প অফিসার সৈয়দ আহমেদ। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...