Logo Logo

মাদারীপুরের ডাসারে প্রতিপক্ষের হামলায় এক কিশোর নিহত, অভিযুক্তরা পলাতক


Splash Image

মাদারীপুরের ডাসার উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারুফ সরদার (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।


বিজ্ঞাপন


রোববার (২৬ এপ্রিল) সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শনিবার সকালে ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল এলাকায় তিনি ও তার পরিবারের সদস্যরা প্রতিপক্ষের হামলার শিকার হয়। এই ঘটনার পর থেকেই অভিযুক্তরা এলাকা ছেড়ে গা ঢাকা দিয়ে পালিয়ে রয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল এলাকার নুর ইসলাম সরদারের সাথে একই এলাকার মোফাজ্জেল সরদারের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবার সকালে বিরোধপূর্ণ জমিটি পরিমাপ করার সময়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মোফাজ্জেল সরদারের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নুর ইসলামের পরিবারের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলায় মুরুফ সরদার, নুর ইসলাম ও তাঁর স্ত্রী মাহিনুর বেগম, হাসনেয়ারা বেগম, পাপিয়া আক্তার, সুফিয়া আক্তারসহ পরিবারের ৮ জন গুরুতর আহত হন।

আহতদের মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হলে কিশোর মারুফ সরদারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে রামপুরার একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানেই রোববার সকাল ৮টার দিকে সে মারা যায়।

সন্তান হারিয়ে বাকরুদ্ধ বাবা নুর ইসলাম বলেন, মোফাজ্জেল ও তার লোকজন আমার ছেলেকে পিটিয়ে ও কুপিয়ে মেরে ফেলল। আমি হত্যাকারীদের ফাঁসি চাই।

নিহতের মা মাহিনুর বেগম কান্নায় ভেঙে পড়ে বলেন,আমার এত সুন্দর নিষ্পাপ ছেলেটাকে ওরা বাঁচতে দিল না। চোখের সামনে কুপিয়ে ও পিটিয়ে মেরে ফেললো। এখন আমি পোলা ছাড়া ক্যামনে বাঁচবো।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, জমি সংক্রান্ত পারিবারিক দ্বন্দ্ব থেকেই এই সংঘাতের সৃষ্টি হয়েছে। মারুফের মাথায় গুরুতর আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্তরা পলাতক থাকলেও তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...