Logo Logo

টেকনাফ সীমান্তে বিজিবি’র সাঁড়াশি অভিযান, ৪০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক


Splash Image

কক্সবাজারের টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক বিশেষ অভিযানে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার (২৩ জুন) ভোররাতে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধীনস্থ হোয়াইক্যং বিওপি’র একটি চৌকস টহল দল এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে।


বিজ্ঞাপন


বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে হোয়াইক্যং বিওপি’র বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৮ এবং বিওপি হতে প্রায় ১ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে বাংলাদেশের অভ্যন্তরে শুকুরের কাঠি গেওয়াগাছ নামক স্থানে কৌশলগত অবস্থান নেয়।

ভোর আনুমানিক ৪টার দিকে মিয়ানমার সীমান্ত থেকে এক ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি টহল দল তাকে চ্যালেঞ্জ করে। এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হন।

আটককৃত মাদক কারবারির নাম নুরুল ইসলাম (২২)। তিনি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মনিরকোনা গ্রামের লাল মিয়া ও রহিমা খাতুনের ছেলে।

আটকের পর নুরুল ইসলামকে তল্লাশি করে তার কাছে থাকা একটি পোটলার ভেতর খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ৪টি কার্টন পাওয়া যায়। সেই কার্টনগুলো খুলে গণনা করে সর্বমোট ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে বিশদ তল্লাশি চালিয়ে তার কাছে অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি। বিজিবি’র প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত যুবক স্বীকার করেছে যে, সে এই ইয়াবা চালানের লট মিয়ানমার সীমান্ত থেকে কম দামে কিনে বাংলাদেশে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিল।

উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক এই সফল অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী ৬৪ বিজিবি দীর্ঘদিন ধরেই সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং মাদকসহ সব ধরনের চোরাচালান দমনে নিষ্ঠার সাথে কাজ করে আসছে।

তিনি আরও উল্লেখ করেন, "বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। মাদক সরবরাহকারী এবং এর সাথে জড়িত মূল চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সীমান্তে গোয়েন্দা নজরদারি দ্বিগুণ করা হয়েছে। ভবিষ্যতেও আমাদের এমন অভিযান চলমান থাকবে।"

গ্রেফতারকৃত আসামি নুরুল ইসলাম এবং জব্দকৃত বিপুল পরিমাণ ইয়াবা চালানের বিরুদ্ধে টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি জানিয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...