বিজ্ঞাপন
শুক্রবার ও শনিবার (১৭ অক্টোবর) উপজেলার ভান্ডারিকান্দি ইউনিয়নের টেংরামারী এলাকায় কর্মসূচিটি বাস্তবায়ন করা হয়। এতে দেশীয় প্রজাতির কৃষ্ণচূড়া, শিমুল ও পেয়ারার চারার পাশাপাশি বজ্রপাত প্রতিরোধ ও মাটির ক্ষয়রোধে অত্যন্ত কার্যকর প্রায় এক হাজার তালের বীজ সড়কের পাশে রোপণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত বক্তারা বলেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও চরম ভাবাপন্ন আবহাওয়ার কারণে নদীভাঙন ও প্রাকৃতিক দুর্যোগপ্রবণ মাদারীপুর অঞ্চলের পরিবেশগত ঝুঁকি ক্রমেই বাড়ছে। এমন পরিস্থিতিতে বৃক্ষরোপণ কেবল গাছ লাগানোর আনুষ্ঠানিকতা নয়; ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য, টেকসই ও নিরাপদ পৃথিবী নিশ্চিত করার অন্যতম প্রধান সামাজিক অঙ্গীকার। সমাজের সচেতন মহল নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে পরিবেশ বিপর্যয়ের হাত থেকে দেশকে রক্ষা করা সম্ভব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংহতি জানিয়ে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ হাওলাদার বলেন, ‘দেশ’ সংগঠনটি দীর্ঘ ১৭ বছর ধরে শিবচরের প্রত্যন্ত এলাকায় বৃক্ষরোপণ, প্রাথমিক স্বাস্থ্যসেবা, নারীর প্রজনন স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষামূলক নানান কার্যক্রম নিষ্ঠার সঙ্গে পরিচালনা করছে। তাদের এ ইতিবাচক উদ্যোগকে এগিয়ে নিতে ব্যক্তিগতভাবে আমি দুই হাজার তালের বীজ প্রদান করেছি এবং ভবিষ্যতেও যেকোনো পরিবেশবান্ধব কাজে সার্বিক সহায়তা অব্যাহত থাকবে।
আয়োজক সংগঠনের উপদেষ্টা মোশারফ হোসেন ও সভাপতি ওয়াহীদুজ্জামানের পরিচালনায় কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সদস্য রাশেদুল হাসান রায়হান, এস.এম. দেলোয়ার হোসাইন, সানাউল্লাহ, মো. রাসেল, মো. আল আমিনসহ অর্ধশতাধিক উদ্যমী স্বেচ্ছাসেবী কর্মী। পরিবেশের টেকসই ভারসাম্য ফিরিয়ে আনতে স্থানীয় পর্যায়ে এ ধরনের সবুজায়ন ও জনসচেতনতামূলক কার্যক্রম আগামীতেও চলমান রাখার অঙ্গীকার ব্যক্ত করেন আয়োজকরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...