Logo Logo

সাংবাদিকতা পেশায় প্রশংসা ও নিন্দা দুটোকেই গ্রহণ করে এগিয়ে যেতে হবে : সাংবাদিক আকবর


Splash Image

সাংবাদিকতা পেশায় প্রশংসা ও নিন্দা—দুটোকেই সমানভাবে গ্রহণ করে পেশাগত দায়িত্ব পালনে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন ফ্রিল্যান্স সাংবাদিক আকবর হোসেন। তিনি বলেছেন, সাংবাদিকতা অন্য পেশার মতো নয়। এ পেশায় কাজ করতে গেলে যেমন প্রশংসা পাওয়া যায়, তেমনি সমালোচনা ও নিন্দার মুখেও পড়তে হয়। তাই উভয়কেই ইতিবাচকভাবে গ্রহণ করে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৫ নভেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ববিসাস) অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে ‘গণমাধ্যমের স্বাধীনতা, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় রাষ্ট্রের করণীয়’ শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আকবর হোসেন বলেন, গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। গণতন্ত্র প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা যেমন অপরিহার্য, তেমনি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে গণতান্ত্রিক চর্চার বিকল্প নেই। একজন সাংবাদিকের নিজস্ব মতাদর্শ থাকতে পারে, তবে সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা বজায় রাখা অত্যন্ত জরুরি। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার মাধ্যমে নিজস্ব মতাদর্শের ঊর্ধ্বে উঠে সবার প্রতি ন্যায়বিচার করা সম্ভব।

তিনি আরও বলেন, একজন সাংবাদিকের স্বাধীনভাবে কাজ করার সবচেয়ে বড় শক্তি তাঁর সততা ও পেশাদারিত্ব। এই শক্তিকে কাজে লাগিয়ে সাংবাদিকদের সরকার ও রাষ্ট্রীয় ক্ষমতাকে প্রশ্ন করতে হবে এবং জবাবদিহি ও স্বচ্ছতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে। ক্ষমতাসীনদের সঙ্গে সাংবাদিকদের সম্পর্ক সবসময় পেশাগত অবস্থানের ভিত্তিতে হওয়া উচিত। তাঁদের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা কিংবা অযথা বিরোধ—কোনোটিই কাম্য নয়। গণমাধ্যমের সততা ও পেশাদারিত্বের মধ্য দিয়েই সরকারের স্বচ্ছতা, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি অনুসন্ধানী সাংবাদিকতার চর্চার ওপর গুরুত্বারোপ করেন। তিনি অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে প্রকৃত সত্য উদ্‌ঘাটন ও তা জনসমক্ষে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

ববিসাসের সভাপতি মো. রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান স্বপন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সহযোগী অধ্যাপক ড. আবদুল আলিম বছির, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. ফরহাদ উদ্দীন এবং বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন।

এর আগে সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে কনফারেন্স হলের সামনে বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাস ও জুলাই আন্দোলনভিত্তিক তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। সবশেষে ববিসাসের সভাপতি মো. রবিউল ইসলাম উপস্থিত সবাইকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা এবং বরিশাল শহরের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...