Logo Logo

নোবিপ্রবিতে ‘অ্যালামনাই-স্টুডেন্ট কানেক্ট’ সেমিনার অনুষ্ঠিত


Splash Image

নোবিপ্রবি প্রতিনিধি : শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা, উচ্চশিক্ষার সুযোগ, পেশাগত দক্ষতা অর্জন এবং কর্মজীবনের সঠিক দিকনির্দেশনা দিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে ‘এনএসটিইউ অ্যালামনাই–স্টুডেন্ট কানেক্ট: সাকসেস স্টোরিজ, ক্যারিয়ার গাইডেন্স অ্যান্ড নেটওয়ার্কিং’ শীর্ষক সেমিনার।


বিজ্ঞাপন


শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে নোবিপ্রবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি)-এর যৌথ উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

নোবিপ্রবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক এবং ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শহীদ সারওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রাব্বানী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দিন এবং আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবী। দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি উচ্চপদস্থ পদে কর্মরত এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতায় নিয়োজিত নোবিপ্রবির কৃতি প্রাক্তন শিক্ষার্থীরাও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন। এছাড়া সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সেমিনারে কি-নোট স্পিকার হিসেবে ছিলেন বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার বি এম শাহরিয়ার আবদুল্লাহ বিন ফারিদ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. সৈয়দ মাসুদুর রহমান এবং মানিকগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক কামরুল হাসান রিমেল। তাঁরা নিজেদের সফলতার গল্প শেয়ার করার পাশাপাশি শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা ও প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট বিষয়ে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রাব্বানী শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ করে তোলার এবং বিভাগভিত্তিক অ্যালামনাই অ্যাসোসিয়েশন গড়ে তোলার তাগিদ দেন। তিনি বলেন, সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও নোবিপ্রবির প্রাক্তন শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতায় দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন, যা বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গৌরবের। বর্তমান শিক্ষার্থীদের কাছ থেকে তার প্রত্যাশা আরও অনেক বেশি।

​এ সময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের আসন্ন তৃতীয় সমাবর্তনে অ্যালামনাইদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, মেধাবৃত্তি চালু এবং আধুনিক ও যুগোপযোগী একাডেমিক পাঠ্যক্রম উন্নয়নে প্রাক্তন শিক্ষার্থীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদ এবং আমন্ত্রিত অতিথিদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

উল্লেখ্য, শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা, উচ্চশিক্ষার সুযোগ, পেশাগত দক্ষতা অর্জন এবং কর্মজীবনের প্রস্তুতি সম্পর্কে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে এ সেমিনারের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...