Logo Logo

সুনামগঞ্জে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালান পণ্য জব্দ


Splash Image

সুনামগঞ্জের সীমান্তবর্তী পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ বাংলাদেশি ও ভারতীয় বিভিন্ন ধরনের অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫৬ হাজার ৬৮০ টাকা।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে জেলার তাহিরপুর উপজেলার লাউরগড় এবং সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের চিনাউড়া সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সদস্যরা গোয়েন্দা সংস্থার গোপন তথ্যের ভিত্তিতে পৃথকভাবে এ অভিযান চালান।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের অবৈধ পণ্য চোরাচালানের সম্ভাব্য তথ্যের ভিত্তিতে ওই দুটি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাদকদ্রব্যসহ বাংলাদেশি ও ভারতীয় বিভিন্ন ধরনের অবৈধ মালামাল জব্দ করা হয়। তবে অভিযান চলাকালে চোরাকারবারিরা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্র আরও জানায়, সুনামগঞ্জ জেলার সীমান্ত এলাকায় প্রায় ১২০ কিলোমিটার সীমান্ত রয়েছে। দীর্ঘ এই সীমান্ত সুরক্ষায় ২৮ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন ১৯টি বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি)-এর সদস্যরা দিনরাত নিয়মিত টহল ও নজরদারি কার্যক্রম পরিচালনা করে আসছেন। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মাদকদ্রব্য পাচার, অস্ত্র চোরাচালান এবং বিভিন্ন ধরনের অবৈধ পণ্য পরিবহন বন্ধে বিজিবির সদস্যরা সর্বদা সতর্ক অবস্থানে রয়েছেন।

এ বিষয়ে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি), সুনামগঞ্জের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একে এম জাকারিয়া কাদির সংবাদকর্মীদের জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং মাদক ও অস্ত্রের চোরাচালান বন্ধে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। সীমান্ত দিয়ে মাদক ও অবৈধ পণ্য পাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। জব্দকৃত বাংলাদেশি ও ভারতীয় অবৈধ মালামাল শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...