Logo Logo

জামায়াতকে দায়িত্বশীল বিরোধী শক্তি হিসেবে দেখার আশা প্রধান উপদেষ্টার


Splash Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ ফলাফল অর্জন করায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।


বিজ্ঞাপন


শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক বিশেষ বার্তায় তিনি এই অভিনন্দন জানান।

প্রধান উপদেষ্টা তার বার্তায় উল্লেখ করেন, নির্বাচনে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে দলীয় প্রার্থীদের সক্রিয় অংশগ্রহণ এবং নির্বাচনী ফলাফলকে শান্ত ও মর্যাদাপূর্ণভাবে গ্রহণ করার বিষয়টি অত্যন্ত প্রশংসনীয়। তিনি জামায়াত আমিরের রাজনৈতিক শিষ্টাচার ও সংযমের ভূয়সী প্রশংসা করেন।

অধ্যাপক ইউনূস বলেন, নির্বাচনী প্রচার থেকে শুরু করে ফলাফল ঘোষণা পরবর্তী সময় পর্যন্ত ডা. শফিকুর রহমানের দায়িত্বশীল বক্তব্য এবং কর্মীদের প্রতি শান্তিপূর্ণ আচরণের আহ্বান দেশের স্থিতিশীলতা রক্ষায় বিশেষ ভূমিকা রেখেছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জামায়াতের গঠনমূলক সমর্থন ও সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দেশের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ এখন এক গুরুত্বপূর্ণ সময় পার করছে। বৈশ্বিক অর্থনীতি, প্রযুক্তিগত রূপান্তর এবং সামাজিক ন্যায়বিচারের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার ও বিরোধী দল—উভয়েরই নীতিনিষ্ঠ ভূমিকা অপরিহার্য। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকভাবে সুসংহত করতে দায়িত্বশীল রাজনৈতিক চর্চার বিকল্প নেই।

তিনি প্রত্যাশা ব্যক্ত করেন যে, ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদ ও রাজনৈতিক অঙ্গনে একটি গঠনমূলক বিরোধী শক্তি হিসেবে কার্যকর ভূমিকা পালন করবে। নীতিগত বিতর্ক এবং আইন প্রণয়নে পরামর্শ প্রদানের মাধ্যমে একটি সুস্থ রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠবে বলে তিনি আশাবাদ জানান।

প্রধান উপদেষ্টা আরও উল্লেখ করেন, জনগণের প্রত্যাশা তুলে ধরা এবং রাষ্ট্রের জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে জামায়াতের ইতিবাচক ভূমিকা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও বেগবান করবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...