বিজ্ঞাপন
সভায় স্থানীয় প্রশাসন, সুশীল সমাজ এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে শিক্ষাঙ্গনে পূর্ণ প্রশাসনিক গতিশীলতা ফিরিয়ে আনার পাশাপাশি চলতি বছরের শেষ অথবা আগামী বছরের শুরুর দিকেই স্থায়ী ক্যাম্পাসের মাটি ভরাট কাজ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা এসেছে।
সোমবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩-এর মিলনায়তনে (অডিটোরিয়াম) এই বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ মহাপরিকল্পনা তুলে ধরেন উপাচার্য অধ্যাপক ড. তাহমিনা আক্তার।
সভায় শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃস্থানীয় প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন। উপস্থিত সুধীজন সাম্প্রতিক ঘটনাপ্রবাহের শান্তিপূর্ণ মীমাংসা এবং বিশ্ববিদ্যালয়ের সুনামের স্বার্থে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার ওপর বিশেষ তাগিদ দেন। একই সাথে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় স্থানীয় জনগণের পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও দীর্ঘমেয়াদি সহযোগিতার প্রয়োজনীয়তা ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক তাহমিনা আক্তার বলেন, "রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে একটি বিশ্বমানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে শিক্ষার পাশাপাশি সুশৃঙ্খল ও স্থিতিশীল পরিবেশ অত্যন্ত জরুরি। প্রতিষ্ঠানটিকে সঠিকভাবে এগিয়ে নিতে স্থানীয় জনগণ, সুশীল সমাজ ও সাংবাদিকদের মতামত এবং সক্রিয় সহযোগিতা অত্যন্ত অর্থবহ ভূমিকা পালন করে।" এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের অবকাঠামোগত সংকট নিরসনে আশার বাণী শুনিয়ে জানান, চলতি বছরের শেষের দিকে কিংবা আগামী বছরের শুরুর দিকেই নির্ধারিত জমিতে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের লক্ষ্যে জোরেশোরে মাটি ভরাটের কাজ শুরু করা হবে।
সভায় উপস্থিত অংশীজন ও স্থানীয় সাংবাদিকরা উপাচার্যের গৃহীত উদ্যোগকে সাধুবাদ জানান এবং বিশ্ববিদ্যালয়ের গৌরব রক্ষায় ও যে কোনো সংকট উত্তরণে সর্বাত্মক সহযোগিতার দৃঢ় আশ্বাস ব্যক্ত করেন। স্থায়ী ক্যাম্পাসের কাজ দ্রুত দৃশ্যমান হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও এক ধাপ এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...