Logo Logo

নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ, উদ্বোধন হলো কেন্দ্রীয় লাইব্রেরি


Splash Image

নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ ও অস্থায়ী কেন্দ্রীয় লাইব্রেরির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের স্পোর্টস সেন্টারে নবীনবরণ ও কেন্দ্রীয় লাইব্রেরি উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নবীনবরণ আয়োজক কমিটির আহ্বায়ক মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন কমিটির সদস্য সচিব ও ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু সায়েম মো. মোহসীন এবং বাংলা বিভাগের প্রভাষক নহলি আকাশলীনা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খালেদ উজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলা বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক আব্দুল হালিম। এছাড়া নবীন শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন সায়মা আক্তার অনুভা, সীমান্ত দে প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. খালেদ উজ্জামান বলেন, “তোমরা স্কুল-কলেজের গণ্ডি পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে এসেছ। ভালোভাবে পড়াশোনার পাশাপাশি গবেষণায়ও মনোযোগী হতে হবে। প্রত্যেক শিক্ষার্থীকে জ্ঞান অর্জনের মাধ্যমে নীতি-নৈতিকতা ও মানবিক গুণাবলিসম্পন্ন আলোকিত মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।”

তিনি আরও বলেন, “তোমাদের মনে রাখতে হবে—সবার আগে দেশ। দেশ ও জনগণের স্বার্থে সবাইকে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের নয়টি বিভাগের ৩৯০ জন নবীন শিক্ষার্থীকে রজনীগন্ধা ফুল ও স্মারক উপহার দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় নবীন শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

এর আগে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে কেন্দ্রীয় লাইব্রেরির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। নবীন শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।

নবীনবরণ অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনার পাশাপাশি প্রখ্যাত ব্যান্ডদল ‘পাঠশালা’ সংগীত পরিবেশন করে। তাদের পরিবেশনায় অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং উপস্থিত দর্শক-শ্রোতারা উপভোগ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...