Logo Logo

২০২৭ বিশ্বকাপের মধ্য দিয়ে ক্যারিয়ারের ইতি টানবেন কোহলি


Splash Image

আন্তর্জাতিক ক্রিকেটের দুই সংস্করণ—টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেটকে আগেই বিদায় জানিয়েছেন ভারতের ব্যাটিং সেনসেশন বিরাট কোহলি। বর্তমানে আন্তর্জাতিক অঙ্গনে তিনি খেলছেন কেবল ওয়ানডে ফরম্যাটেই। এবার সেই প্রিয় ৫০ ওভারের ফরম্যাট থেকেও সরে দাঁড়ানোর স্পষ্ট ইঙ্গিত দিলেন কোহলি। ভারতের হয়ে আগামী ওয়ানডে বিশ্বকাপই যে তার ক্যারিয়ারের শেষ বৈশ্বিক আসর হতে চলেছে, তা নিশ্চিত করেছেন এই অভিজ্ঞ ব্যাটার।


বিজ্ঞাপন


ওয়ানডে ফরম্যাটে ব্যক্তিগত ৫৪টি সেঞ্চুরির রাজকীয় রেকর্ডের অধিকারী কোহলি এখন কেবল ৫০ ওভারের ক্রিকেটেই মনোযোগ ধরে রেখেছেন। ২০১১ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ঘরের মাঠে নিজের অভিষেক আসরেই বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিলেন তিনি। তবে পরবর্তী এক দশকের বেশি সময় বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা তারকা হিসেবে রাজত্ব করলেও আর কখনোই সোনালী ট্রফিটি ছুঁয়ে দেখা হয়নি তার। বিশেষ করে ২০২৩ সালে ভারতের মাটিতে ফাইনাল খেলেও শিরোপা হাতছাড়া হওয়ার হতাশা এখনো তাড়িয়ে বেড়ায় কোটি ভারতীয় সমর্থককে। তাই নিজের পঞ্চম ও সম্ভাব্য শেষ বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে নিজের সেরাটা দিতে চান কোহলি।

সম্প্রতি সম্প্রচারমাধ্যম 'জিওস্টার'-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা খোলামেলা তুলে ধরেন কোহলি। তিনি বলেন, ‘আমার জন্য এটাই ভারতের হয়ে খেলা শেষ বিশ্বকাপ। এটাই বর্তমানে আমার সবচেয়ে বড় প্রেরণা। এই লক্ষ্য নিয়েই মাঠে নিজের সবকিছু উজাড় করে দিতে চাই। আর অবশ্যই মূল উদ্দেশ্য হলো বিশ্বকাপ জেতা; এর জন্য যা যা করা প্রয়োজন, আমি তার জন্য পুরোপুরি প্রস্তুত।’

দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার মাটিতে বসতে যাওয়া আগামী বিশ্বকাপটি হতে চলেছে কোহলির ক্যারিয়ারের পঞ্চম আসর। দেশের বাইরে টুর্নামেন্ট হওয়ায় কন্ডিশন ও পারিপার্শ্বিকতার দিক থেকে এটি অন্য যেকোনো আসরের চেয়ে বেশি চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন তিনি। কোহলির ভাষায়, ‘৫০ ওভারের বিশ্বকাপের তীব্রতা ও শারীরিক-মানসিক চাপ অন্য যেকোনো প্রতিযোগিতার চেয়ে অনেক বেশি।’

কোহলির মতো ভারতীয় ক্রিকেটের আরেক মহাতারকা ও সাবেক অধিনায়ক রোহিত শর্মাও বর্তমানে মূলত ওয়ানডেতেই সক্রিয় রয়েছেন। তিনিও আরেকটি বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন সমান রোমাঞ্চ নিয়ে। রোহিত জানিয়েছেন, ‘আমার কাজ শেষ হয়ে গেছে—এমন ভাবনা কখনো মাথায় আসেনি। যতদিন খেলা চালিয়ে যাব, ততদিন নতুন কিছু অর্জনের তাগিদ থাকবে। আমিও এই বিশ্বকাপের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

এদিকে দ্বিপাক্ষিক সিরিজের অংশ হিসেবে বর্তমানে মাঠে ফেরার অপেক্ষায় এই দুই অভিজ্ঞ তারকা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ভারতীয় স্কোয়াডে রয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। থিরুভানান্থাপুরামে শুরু হতে যাওয়া এই সিরিজ দিয়েই নিজেদের বিশ্বকাপ প্রস্তুতির ধারা এগিয়ে নিতে চান তারা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...